আবারো বুধবার হরতালের ডাক দিয়েছে জামাত-শিবির। সোমবার মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে শেরপুরের জামাত-আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে আগামী বুধবার হরতালের ডাক দিয়েছে তারা।
সোমবার জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা দেন। এদিকে, জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেয়ার প্রতিবাদে ডাকা হরতালের সময় কমিয়ে আজ সন্ধ্যা ৬টা করা হয়েছে। ৪৮ ঘণ্টার হরতালে কমলো ১২ ঘণ্টা।
গতকাল-রোববার জামাত নেতা মীর কাসেম আলীর ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জামাত-শিবির। জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতালের ঘোষণা দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীসহ আটক জামাত নেতাদের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালন করা হবে।
এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর তিন দিন হরতালের ঘোষণা দেয় জামাত, যার দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যেই মীর কাসেমের রায় আসে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার ও জামাত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির আদেশ দেয়ার পর এ হরতাল দেয়া হয়।
আগামীকাল-মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিন থাকায় ওই দিন হরতাল দেয়নি তারা। আর বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা থাকলেও জামাত-আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় বুধবার হরতাল দেয়া হলো।
সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ তার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।