দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে জনগণ ২০১৯ সালের আগেই নির্বাচন আদায় করে নেবে।
শুক্রবার ৭ নভেম্বর উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর জিয়াউর রহমান কোনো ষড়যন্ত্র করেননি, স্বতঃস্ফূর্ত জনগণই সেদিন তাকে বন্দিদশা থেকে মুক্ত করেছিল।
৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করে নেবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
সকাল ১১টার পর সমাধিস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।