বিএনপি একটি ভাড়াটে দল— দুঃশাসন ও স্বৈরাচারী দুঃশাসনের কারণে অনেকেই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বিভিন্নভাবে এ কথা উল্লেখ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এদেশের মানুষ কিন্তু তাদেরকে কখনোই ক্ষমা করেনি। তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
রোববার দুপুরে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।
আশরাফ বলেন, আওয়ামীলীগ এমন একটি দল, যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে এবং মহান মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।
ওই কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন, জনগণের ভোটের অধিকার রক্ষা করেছেন এবং দেশকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, যতোই হুঙ্কার দেয়া হোক, যতই হুমকি-ধমকি দেয়া হোক ৫ বছর পরে জনগণের রায় নেয়ার জন্য শেখ হাসিনা ২০১৯সালের নির্বাচনে অংশ গ্রহণ করবেন। দেশে আগামী নির্বাচন হবে ২০১৯সালে। তার একদিন আগেও নির্বাচন হওয়ার কোনোই সম্ভবনা নেই।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সামসুল আলম দুদুর সভাপতিত্বে ওই কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মোহাম্ম ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী প্রমুখ।