বিএনপিকে দমন করতে গিয়ে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বেছে নিয়েছে এমন অভিযোগ তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। সোমবার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের গণতন্ত্রকে হুঁমকির মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এ নেতা।
এ সময় হান্নান শাহ বলেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।
ভারতকে বর্তমান সরকারের মিত্র— উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের প্রধান দুই নেত্রীকে হত্যার পরিকল্পনাকারীরা কিভাবে ভারতে আস্তানা গড়ে তোলে।
রাজধানীতে অপর এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান সরকারের সমালোচনা করে বলেন, দেশের সবক্ষেত্রে সরকার নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। স্বৈরতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপরিচালনা করলে সরকারকে তার পরিণতি ভোগ করতে হবে বলেও জানান তিনি।