র্যাবের বিলুপ্তি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে সহযোগিতা চেয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া একজন নির্ভরযোগ্য রাজনৈতিক নেতা নয় তার প্রমাণ মিলেছে।
তিনি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এভাবে সহযোগিতা চেয়ে বিশ্বের কাছে আমাদের প্রিয় মাতৃভূমিকে হেয় প্রতিপন্ন করেছেন।
বুধবার বিএনপির চেয়ারপারসন ২০ দলীয় জোট আয়োজিত কিশোরগঞ্জে এক জনসভায় যে মিথ্যাচার করেছেন তার প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশবাসীকে কোনো ধরনের দুর্ভোগে ফেলার চক্রান্ত করবেন না। যদি করেন তার পরিণতি সুখকর হবে না। আইন সবার জন্যই সমান। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যা খুশি বলবেন, আর করবেন তা কোনো সভ্য সমাজেই কাম্য হতে পারে না। দেশবাসীর কাঙ্খিত উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করবে।
তিনি বলেন, জনজীবনে শান্তি, নিরাপত্তা, অগ্রগতি নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ সরকার যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণে শৈথিল্য প্রদর্শন করবে না। দেশবাসী তাদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সর্বাত্র সমর্থন যুগিয়ে যাবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জে যে ভাষণ দিয়েছেন তা অগণতান্ত্রিক, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক। দেশের মানুষ যখন শান্তিতে আছে, খালেদা জিয়া তখন অশান্তিতে আছেন। তার অশান্তির কারণ হচ্ছে ক্ষমতায় থেকে লুটপাট ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পারা।
সংবাদ সম্মেলন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি,দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।