আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির আশঙ্কা করে ছিল তা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কী নির্বাচন করেছে এবং কিভাবে টিকে আছে তা এইচটি ইমামের বক্তব্যে দেশবাসীর কাছে তা পরিস্কার হয়ে গেছে।
মির্জা ফখরুল আরো বলেন, সরকারের দমন-পীড়নের কারণে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ধংস হওয়াসহ অগণতান্ত্রিক ও সন্ত্রাসী শক্তির বিকাশের পথ সুগম হচ্ছে আর এর দায় সরকারকেই নিতে হবে।
সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে এবং বিএনপিকে নেতৃত্বশূণ্য করার নীলনকশার অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে ধরপাকড় চালাচ্ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, এর ফলে রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
বিএনপির আন্দোলন এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতাদের ফাঁসির রায় নিয়ে বিভিন্ন প্রশ্নেরও জবাবে মির্জা ফখরুল বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার হওয়া উচিৎ, তবে তা যেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এইচটি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।