দেশে আইনের শাসন না থাকায় ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ২০ দলীয় জোট নয় ছাত্রলীগই এখন আওয়ামী লীগের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজ বাসায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সময় নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকলেও ১০ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আইন লঙ্ঘন করে নিজেদের দলীয় লোক ও প্রশাসনের কর্মকর্তাদের কাজে লাগিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারসাজির নির্বাচন করেছে।
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, সরকার দলীয় লোকজন প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিলেও পুলিশ কিছু বলেনা তবে বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও কথায় কথায় গুলি চালানো হয়।
অহিংস উপায়ে আন্দোলন করেই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে বলেও জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াও ছাত্রলীগের সমালোচনা করে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময়ও নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল তারা।
বিএনপির শীর্ষ নেতাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়ার মধ্য দিয়ে সরকার প্রতিহিংসার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।