প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে নিজেদের লোক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপির সিনিয়ার ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আলোচনায় তিনি এ কথা বলেন।
মারুফ কামাল খান দাবি করেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম তাদের লোক। বিএনপির বাইরে বিএনপির এমন আরও লোক আছেন। তারা সত্য বলতে শুরু করেছেন।
এইচ টি ইমামের গায়ে হাত না দিতেও তিনি সরকারের প্রতি আহ্বান তিনি বলেন, তার গায়ে হাত দিলে খবর আছে।
মারুফ কামাল বলেন, বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছেন। বিএনপি থেকে দু-চার জন নেতাকে ভাগিয়ে নেয়ার চেষ্টাও করছেন। কিন্তু কোনো লাভ হবে না। বিএনপির শক্তি শুধু নেতাকার্মীরাই নয় বিএনপির লোক হচ্ছে সারাদেশের মানুষ।
তিনি বলেন, 'তারেক রহমানের দেশে ফেরার জন্য সরকারের কাছে কোনো আবেদন করা হবে না। তিনি বিগত দিনে ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সময় অনেক খারাপ অবস্থার মধ্যে দেশে ছিলেন। তিনি সুস্থ হলেই দেশে ফিরে আসবেন।'
বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব আরও বলেন, 'খালেদা জিয়া প্রধানমন্ত্রী কিংবা ক্ষমতার জন্য আন্দোলন করছেন না। দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছেন। কারণ দেশে কোনো শান্তি নেই। দেশের মানুষের নিরাপত্তা নেই।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, তারেক রহমান গতানুগতিক রাজনীতিক নন। তার মধ্যে ‘স্টেটসম্যান’ হওয়ার যোগ্যতা আছে। একদিন সে সুযোগ আসবে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, তারেক রহমান এখন দেশের বাইরে পড়াশোনা করছেন। দেশ নিয়ে ভাবছেন। মানুষের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে ভাবছেন। সুস্থ হলেই তিনি দেশে ফিরে আসবেন।
নেতা-কর্মীদের বদ্ধ ঘরে স্লোগান না দিয়ে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান প্রমুখ বক্তব্য দেন।