বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার একের পর এক ষড়যন্ত্র করে চলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারা। শনিবার রাজধানীতে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
তারা বলেন, কোনো যড়যন্ত্রই তারেক রহমানকে গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে দূরে রাখতে পারবে না। তাকে দেশে ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীদের রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ারও আহ্বান জানান।
এ সময় মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র এক সঙ্গে চলতে পারে না। বিরোধী মতো দমন করতে সরকার তারেক রহমানসহ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।
তিনি আরো বলেন, জয় হাত দেয়ার আগেই তারেক রহমান ডিজিটাল বাংলাদেশ বিষয়টি রপ্ত করেছিলেন। তারেকের বাবা দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। প্রেসিডেন্ট ছিলেন এবং তার মা ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং তার সঙ্গে জয়ের তুলনাই চলে না।
আলোচনায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের বক্তব্যে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ১৯৭৫ এর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসরদের নিয়ে শেখ হাসিনা রাজনীতি করেছেন। সরকার এখন জিয়া পরিবার ও বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র করছে।