সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার পর বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম।
লতিফ সিদ্দিকীকে বিচারের সম্মুখীন করার পরিপ্রেক্ষিতে হরতাল না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে বুধবার পর্যন্ত সরকারকে সময় দিয়েছিল হেফাজতে ইসলাম। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী হরতালের হুমকি দেয় কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠন।
হজ ও তাবলিগ নিয়ে বিরূপ মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। এরপর তাকে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।