জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ব্যর্থ হলে রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়বে-এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়ের মাস ডিসেম্বরে দলের কর্মসূচি নির্ধারণে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় গেঁড়ে বসা সরকারের বিরুদ্ধে নিরস্ত্র আন্দোলন করে সফল হওয়া সহজ বিষয় নয় এরজন্য সময় লাগতে পারে।
এ সময় বিজয়ের মাস ডিসেম্বর উদযাপনে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিজয়ের মাসে বিএনপি ও এর সহযোগি সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। বেশ কয়েকটি কর্মসূচিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন বলেও জানান তিনি।
এদিকে, বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি অভিযোগ করেন, সরকারের দুঃশাসনে দেশ এক অন্ধকারময় পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে।
সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন অনিবার্য হয়ে দেখা দিয়েছে বলেও মন্তব্য করে মির্জা ফখরুল।
অপর এক অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।