শিগগিরই জাতীয় পার্টি- জাপার সব সাংসদ ও মন্ত্রীরা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বুধবার দুপুরে রংপুরে তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে সংসদে বিরোধীদলের নেত্রী ও তার স্ত্রী রওশন এরশাদ একমত পোষণ করেছেন—এমনকি আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকেও একই কথা বলেছেন রওশন বলে জানান তিনি।
এরশাদ পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস হয় তাহলে আমরা ছোট ছোট শিশুদের কোথায় নিয়ে যাচ্ছি। দেশ কোথায় যাচ্ছে? এটা দেশবাসির কাছে বার্নিং প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি করছে। শিক্ষককে হত্যা করা হচ্ছে এসব প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে উল্লেখ করে এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নাই। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সে কারণে দেশের জনগণ পরিবর্তন চায়। আওয়ামী লীগ আর বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না।
জনগণ বুঝতে পেরেছে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে বলে জানান তিনি।
তিনি রংপুরে জাতীয় পার্টির কোনো কোন্দল নেই দাবি করে আগামী নির্বাচনে সকল আসনে তার দলের প্রার্থীরা জয়ী হবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে মোটর শোভাযাত্রায় তিনি নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লী নিবাসে পৌঁছান। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার মহানগর আহবায়ক মোস্তফা সদস্য সচিব ইয়াসির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।