বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন প্রশাসনের সাবেক ও বর্তমানে ওএসিডতে থাকা কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি। বৃহস্পতিবার রাত ৯টার পর প্রায় দেড় ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে, বিএনপির পক্ষ থেকে এ বৈঠকের সত্যতা স্বীকার করা হয় নি। দলের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের নিয়মিত সাক্ষাতের অংশ এটি।
বৈঠকে আগত কর্মকর্তাদের সবার পরিচয় জানা না গেলেও সাবেক সরকারি কর্মকর্তা হূমায়ুন কবির, এহসানুল কবির ও ইব্রাহিম মিয়াজীসহ পঁচিশ থেকে ত্রিশজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে সেখানে উপস্থিত বিএনপি নেতাদের এ বিষয়ে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাওয়া যায় নি।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বলেন, এটি কার্যালয়ে দেখা করার নিয়মিত অংশ।
পরে গভীররাতে কার্যালয় থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেন।