দুর্নীতি ও অপশাসনের অবসান এবং বিবেকের তাড়নাতেই কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা বৈঠকের বিষয়ে তিনি এ কথা বলেন।
কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা তার জানা নেই— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, তবে বিবেকের তাড়নাতেই সরকারি কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে খবর রটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠকে বসেছেন প্রশাসনের সাবেক ও বর্তমানে ওএসিডতে থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারি। এমন খবরে গণমাধ্যমকর্মীরা ভিড় করেন সেখানে।
পরে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনো বৈঠকের কথা তার জানা নেই। তবে, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও অন্যান্য নেতাদের বক্তব্যে বেরিয়ে এসেছে যে, ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রেসসচিব বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ি ও সরকারি কর্মকর্তা-কর্মচারি খালেদা জিয়ার সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা করতে আসেন। এটা রুটিন ওয়ার্ক।