বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইন ভেঙে খালেদা জিয়ার সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইন তার আপন গতিতে চলবে। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রাতের অভিসার বাদ দিন। যা করার দিনের আলোয় করুন। এতে মানুষের উপকার হবে।
মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য ছিল রুচিহীন, শিষ্টাচার বহির্ভূত ও মিথ্যায় ভরা। প্রধানমন্ত্রীর এ ধরনের নোংরামি বক্তব্য জাতি আশা করে না। নতুন প্রজন্ম তার কাছ থেকে এ ধরনের নোংরামি শিখবে।
একই সঙ্গে গুলশানে খালেদার জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি আবারো অস্বীকার করেছেন তিনি।
আর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে বর্ণবাদমূলক বলে অভিহিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।
তিনি বলেন, জাতি এমন বক্তব্য প্রাধানমন্ত্রীর কাছ থেকে আশা করেনি।
এ সময় বিএনপির এ নেতা অভিযোগ করেন, বিএনপি নয় আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রের আশ্রয় নেয়া লাগে না। অতীতে তাকে ক্ষমতায় যেতে ষড়যন্ত্রের আশ্রয় নেয়া লাগেনি। বিএনপি নয় ষড়যন্ত্র-চক্রান্তের চরিত্র আওয়ামী লীগেরই।
সরকারকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
এসময় দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী অভিযোগ করেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্পর্কে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম যে মন্তব্য করেছেন তা বর্ণবাদ মূলক। তার এ বক্তব্যের কারণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিএনপি নেতা খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সম্পর্কে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে শনিবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।