আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় বিএনপি এখন গোপন বৈঠক করছে— উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠকে অংশ নেয়া সরকারি চাকুরিজীবীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবে সরকার।
রোববার রাজধানীতে সদ্য প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্বরণে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, মধ্যবর্তী নির্বাচনের আশায় এখনো বিদেশি শক্তির উপর নির্ভর করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। গোয়েন্দা বিভাগের সুপারিশ হাতে পেলেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে অংশ নেয়া সরকারি কর্মকর্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার বলেও জানান তিনি।
এছাড়া মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনীতিকে কলুষিত করার অপরাধে বিএনপিকে নির্বাসনে পাঠানোর পক্ষেও মত দেন কামরুল ইসলাম।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাদেক বলেন, বৈঠকে কারা ছিলেন, কি বিষয়ে আলোচনা হয়েছে তার সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে আইন অনুযায়ি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।