যারা সরকারের মধ্যে থেকে জনগণের স্বার্থ বিরোধী কাজ করছে তারাই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, সরকার দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও ভুঁয়া মুক্তিযোদ্ধা সনদধারী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
দেশের টাকা লুটপাট করে বাইরে পাচার করাকে রাষ্ট্র বিরোধী কাজ— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, কেবল জোড়ালো আন্দোলন গড়ে তুলতে পারলেই বিদেশিরাও সরকারকে আরেকটি নির্বাচন দেয়ার বিষয়ে চাপ দিতে পারবে।
কেবল জোড়ালো আন্দোলন গড়ে তুলতে পারলেই বিদেশিরাও সরকারকে আরেকটি নির্বাচন দেয়ার বিষয়ে চাপ দিতে পারবে এমন যুক্তি তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, গণঅভ্যুত্থানে সরকারের পতন নিশ্চিত করা হবে।
বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার, খালেদা জিয়ার জনসভা বাধাগ্রস্ত করার হীন চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে।
এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শনিবার নারায়ণগঞ্জে ২০ দলীয় জোটের জনসভা বিঘ্নিত করতে সরকার নানা কূটকৌশল গ্রহণ করেছে। সরকারের কোনো নীলনকশাই বাস্তবায়িত হবে না।