জানুয়ারিতে আন্দোলনের নামে বিএনপি দেশে কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে তার আগে নয়। তিনি (খালেদা জিয়া) আন্দোলন, সংগ্রামের কথা বলতেই পারেন গণতান্ত্রিক পদ্ধতিতে। যে আন্দোলন ৫ জানুয়ারির আগে তিনি করেছেন, সেই ধরনের আন্দোলন করে যদি কোনো অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয় তহলে তা কঠোর হাতে দমন করা হবে।’
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবের পথে— উল্লেখ করে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি ও আন্দোলন সফল হবে না। বিএনপির এ ইস্যু বিহীন আন্দোলনে সাড়া দেবে না জনগণ।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস যে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব, এ দলের কোনো কর্মসূচির প্রতি জনগণ সাড়া দেবে না আর এটা সফল হবে না বরং ব্যর্থই হবে।’
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবি স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।