যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে জাতি কলঙ্কমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার মিরপুরের বুদ্ধিজীবী করবস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেনন বলেন, জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তারাই দেশে অপরাজনীতির ধারক-বাহক। তাদের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। এসব দোসরদের সবাই মিলে প্রতিহত করতে হবে।
যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুতগতিতে চলছে— উল্লেখ করে তিনি বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া।
ইতোমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে। একটির রায় কার্যকরও করা হয়েছে। অন্য মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলেও জানান পর্যটন মন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, জামাত একটি আত্মস্বীকৃত পাকিস্তান সমর্থক দল। এদের বর্জন করে গণতন্ত্রের সার্টিফিকেট নেয়ার চেষ্টা করুন।
শেখ হাসিনা সরকার বুদ্ধিজীবিদের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার কাজ শুরু করেছেন— মন্তব্য করে ইনু বলেন, বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার সম্পন্ন করতে পারলেই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতি পূর্ণ শান্তি পাবে।
তথ্যমন্ত্রী আরো বলেন, অনেক বেদনা ও দুঃখ নিয়ে আজ বুদ্ধিজীবীদের কবরে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমরা এখনও তাদের হত্যাকারীদের বিচার সম্পন্ন করতে পারিনি। তবে অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। যেদিন সব হত্যাকারীর বিচার করে শাস্তি দিতে পারবো, সেদিনই আমরা শান্তিতে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবো বলেও জানান তিনি। সূত্র: বাসস