মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগ প্রকৃতপক্ষেই ফ্যাসিবাদী দল-এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কনভেনশনের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বর্তমান ও সাবেক ছাত্র নেতাদের কনভেনশনে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় থেকে ভিন্ন লেবাসে বাকশাল কায়েমের চেষ্টা চালাচ্ছে সরকার।
এ সময় দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকার উৎখাতের হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল।
অন্যায়ভাবে ক্ষমতায় এসে সরকারি দলের নেতারা বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন—এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘আজকে সমগ্র বাংলাদেশের মানুষকে ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাস্টিট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে এর কোনো বিকল্প নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী কি ভাষায় কথা বলেছেন— আপনারা সেটা শুনেছেন। আজকে তার গায়ে এতো জ্বালা লাগছে কেন? তারেক সাহেব ইতিহাস থেকে সত্য কথা বলেছেন আর সেই সত্য কথা উদ্ধৃত করার সময়ই তার গা জ্বলে উঠেছে। আপনার এতো লাগছে কেন? ইট তো মেরেছেন পাটকেল তো খেতেই হবে। এরা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু এরা খাঁটি ফ্যাস্টিট। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কথায় বলে কাজে কখনো বিশ্বাস করে না।’
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ্ আমানের সভপতিত্বে এ কনভেনশনে যোগ দেন সারাদেশ থেকে আসা সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।