খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে মিথ্যাচার এবং একইসঙ্গে জঙ্গি ও যুদ্ধাপরাধীদের নিয়ে ক্ষমতায় আরোহণ করতে চাইছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার ওই ইচ্ছা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না। এক্ষেত্রে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে বিএনপি-জামাত মিথ্যাচার করছে এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আপনি (খালেদা জিয়া) স্বৈরাচারের মতো কথা বলবেন না, আমাদেরকে হুমকি দিবেন না, আমরা মুক্তিযুদ্ধের দল, আপনি কাকে ভয় দেখান? আমরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা আছি।
এ সময় দলের নেতারা বলেন, একদিকে সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গি দমন করছে, অন্যদিকে খালেদা জিয়া জামাতকে নিয়ে অপরাজনীতির চর্চা করে তাদের নিয়েই ক্ষমতায় আরোহণের অপচেষ্টা চালাচ্ছেন। তবে বিএনপি-জামাতের আস্ফালন ব্যর্থতায় পর্যবসিত হবে।
গণতন্ত্রী পার্টির পভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।