স্বাধীনতা যুদ্ধ কোনো দলের যুদ্ধ ছিলো না এটা ছিল জনযুদ্ধ-- এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১০ মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি।
একটি মহল মুক্তিযুদ্ধের খণ্ডিত ও বিকৃত ইতিহাস প্রচারে লিপ্ত রয়েছে এ অভিযোগ করে খালেদা জিয়া আরো বলেন, এর জবাবে কেউ জাতির সামনে ‘দলিলভিত্তিক ইতিহাস’ তুলে ধরলে তাদেরকে গালিগালাজ করা হয়।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, স্বাধীনতার যুদ্ধে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। যুদ্ধের সময় তারা ভারতে আশ্রয় নিয়েছিল। সত্যিকার দেশপ্রেম তাদের ছিল না।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা রাজনৈতিক নেতাদের কাছ থেকে আসেনি, এসেছে সামরিক নেতৃত্বের কাছ থেকে।
একটি দল মনগড়া গল্প বলে যাচ্ছে— এ কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধকে যেন কেউ দলীয়করণ না করতে পারে এ জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান খালেদা জিয়া।
এ সময় তিনি দাবি করেন, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রথম জিয়াউর রহমানই শুরু করেন।
গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্র নয়, নিজেদের ক্ষমতা রক্ষা করেছে। এর মাধ্যমে দলটি জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে চরম দুঃশাসন চলছে অভিযোগ করে এ অবস্থা থেকে উদ্ধারের জন্য মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানান খালেদা জিয়া।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের জন্য ‘মুক্তিযোদ্ধা হাসপাতাল’ নামে আলাদা একটি হাসপাতাল নির্মাণ করা হবে।
সুন্দরবন আজ শাসকদলের লোভ ও ষড়যন্ত্রে বিপন্ন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।