আন্দোলনের নামে কোনো ধরণের নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে আবারো নতুন করে ষড়যন্ত্র করছে বিএনপি বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
রাজপথে নামার হুমকি দিলেও আন্দোলন করার সাহস ও সামর্থ্য কোনটাই নেই— এ কথা উল্লেখ করে কামরুল বলেন, খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে? তাদের প্রথম রিহার্সাল তো দেখলাম। গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি। বিএনপির একটা কর্মীকেও দেখা যায়নি মাঠে।
তিনি আরো বলেন, গয়েশ্বর গ্রেপ্তার হয়েছে, ডিপফ্রিজে চলে গেছে বিএনপি আরো দুই-একজনকে গ্রেপ্তার করলে কোনো নেতাকর্মীকেও খুঁজে পাওয়া যাবে না।
২০১৩ সালের মতো দেশে কোনো ধরণের নৈরাজ্যের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হবে উল্লেখ করে গণমাধ্যমকে বিএনপির সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, রংপুর ৪ লেন সড়ক পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, গাজীপুরে জনগণের জানমালের ক্ষতি আশঙ্কায় সভা-সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
হরতালের ডাক দিলেও মাঠে বিএনপির কোনো নেতা উপস্থিত নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।