বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে—জনবিরোধী এ হরতাল সফল হয়নি বলেও দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।
সোমবার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে হরতালবিরোধী মিছিল আসতে থাকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে মানববন্ধনে দাঁড়িয়ে মহানগর নেতারা অভিযোগ করেন, রাজনীতির নামে নাশকতা করছে বিএনপি।
রাজধানীতে হরতাল বিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, রাজনীতির নামে পেট্রোল বোমা হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হরতাল ডাকলেও রাজপথে দেখা যায়নি বিএনপি নেতা-কর্মীদের।
হরতালের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, দুষ্কৃতিকারীদের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী।
রাজনীতির নামে নাশকতাকারীদের সর্বত্র প্রতিহত করতে এ সব কর্মসূচি থেকে আহ্বান জানান আওয়মী লীগ নেতারা।
সকাল থেকেই ২০ দলের ডাকা হরতালের প্রতিবাদে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।