রাজনৈতিক কর্মসূচি পালনেও সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দমন-পীড়নের মাধ্যমে সরকার বিরোধীদলের গণতান্ত্রিক সভা-সমাবেশ বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।
রিজভী বলেন, বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করার জন্য সরকার সারাদেশের ব্যাপক হারে নেতাকর্মীদের আটক করেছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশ গুলি ছুড়ছে। গণতান্ত্রিক কর্মসূচি পালনে অবৈধভাবে বাধা দিচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে আছেন।
সকাল থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কার্যালয়ের নিচতলায় ফটকে চেয়ারে বসেছিলেন। এ সময় তার সঙ্গে কয়েকজন নেতা-কর্মী ছিলেন। বেলা ১১টার দিকে তিনি ওপরে চলে যান।
ভোর থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে তৈরী করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়। তেমন কোনো উপস্থিতিও নেই নেতা-কর্মীদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি, শনিবারের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদ, গাজীপুরের জনসভা বানচাল ও ১৪৪ ধারার মধ্যেই ক্ষমতাসীনদের মিছিল, বিক্ষোভের দ্বৈত নীতির প্রতিবাদে ২০-দলীয় জোট এই হরতালের ডাক দিয়েছে।