আওয়ামী লীগ ও বিএনপির বাইরে থাকা রাজনৈতিক শক্তির ৫ জানুয়ারিকে কেন্দ্র করে আপাতত কোনো কর্মসূচি নেই। এ মূহুর্তে শুধুমাত্র সরকার পতনের মতো একদফা আন্দোলনেও যেতে চাচ্ছে না এ দলগুলো।
তাদের মতে, নির্বাচনের চেয়ে এখন নির্বাচনের পদ্ধতি নির্ধারণ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার বেশি জরুরি। আর গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে সহিংস আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে সমঝোতাকেই তারা বেশি জোর দিচ্ছেন।
৫ জানুয়ারিকে সামনে রেখে বিভিন্ন বিপরীতমুখী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে শুধুমাত্র ৫ জানুয়ারিকে কেন্দ্র করে কোনো আন্দোলন কর্মসূচিতে যাচ্ছেনা ২০ দলীয় জোটের বাইরে থাকা দলগুলো।
তারা চায় রাজনৈতিক সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। তবে এ মুহুর্তে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একদফা আন্দোলনের চেয়ে, গণতন্ত্রের মৌলিকতা রক্ষায় বেশ কিছু বিষয়ে সংস্কারকেই জরুরি বলে মনে করছেন এসব দলের নেতারা।
সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায়ের আন্দোলনে সায় থাকলেও সহিংসতা কোনভাবেই গ্রহণযোগ্য নয় তাদের কাছে। আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে, পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার পক্ষপাতী তারা।