বকশীবাজারে সংঘর্ষের পর আদালতে পরবর্তী হাজিরার দিন সামনে রেখে পুলিশের নিরাপত্তা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন এ জিডি করেন বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন, গত ২৪ ডিসেম্বর ম্যাডাম দুদকের মামলায় হাজিরা দিতে বকশীবাজারে আদালতে যাওয়ার সময় ওই এলাকায় হামলা হয়। আগামী ৭ জানুয়ারি আবার শুনানির দিন আছে। আমরা নিরাপত্তার কারণে থানায় জিডির আবেদন করেছি।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
এর আগে ২৪ ডিসেম্বর দুই মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন দলীয় প্রধানের আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জড়ো হতে চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুটি মামলার বিচার শুরু হয়। মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।