রাজনৈতিক সঙ্কট নিরসনে দেশের সব দলকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেইসঙ্গে প্রাদেশিক সরকার প্রবর্তনসহ দলের ১৮ দফা প্রস্তাবনা ঘোষণা করেন তিনি।
আর দলকে এগিয়ে নিতে জাতীয় পার্টিতে আর কোনো বিভক্তি কাম্য নয় বলে জানিয়েছেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তারা এ কথা বলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ তার নিজের শাসনামলে দেশের উন্নয়ন, তার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াসহ নানা বিষয় তুলে ধরে বলেন, এখন জাতীয় পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া।
এ সময় বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, প্রতিংসার রাজনীতি শুরু করেছিলো বলেই বিএনপির অবস্থা আজ নাজুক।
দেশে গুম-খুন, দুর্নীতি বন্ধ না হওয়ায় বর্তমান সরকারেরও সমালোচনা করেন তিনি।
শিক্ষাঙ্গনে সন্ত্রাসসহ দেশে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আলোচনায় বসার আহবানও জানান এরশাদ।
এ সময় প্রাদেশিক সরকার প্রবর্তন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনসহ জাতীয় পার্টির ১৮ দফা প্রস্তাবনা ঘোষণা করেন এরশাদ।
এদিকে, জনসভায় দলকে এগিয়ে নিতে সবাইকে মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানান রওশন এরশাদ ।
দল থেকে যারা একসময় বেরিয়ে গেছেন তাদেরও ফিরে আসার আহবান জানান তিনি।