অনুমতি না মিললেও ৫ জানুয়ারি যে কোনো মূল্যে কর্মসূচি পালন করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির যুগ্ম বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়ার পাশাপাশি সরকারকে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান করছি।
রিজভী বলেন, ‘আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। শান্তির জন্য, গণতন্ত্রের জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।’
সমাবেশের অনুমতি দেয়ার পাশাপাশি নিরাপত্তা ও সহযোগিতা দেয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
অনুমতি না পেলে বিএনপি কী করবেন?— এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা কর্মসূচি করব। এটি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি।’
এর আগে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বলেন, ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি না দিলেও বিএনপি রাজপথে থাকবে।
মঈন খান অভিযোগ করে বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলেও আওয়ামী লীগ গণতন্ত্রের সকল পথ বন্ধ করে দিয়েছে।
বিএনপি তার নিজস্ব কৌশলে আন্দোলন করে যাচ্ছে— উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমেই ক্ষমাসীনদের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।