অনুমতি না দিলেও ৫ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলের নেতা জয়নুল আবদিন ফারুক।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে পৌঁছনোর পর এ কথা বলেন তিনি।
সমাবেশে নাশকতা বিষয়ে তিনি বলেন, নাশকতা করার প্রশ্নেই উঠে না—আর আমাদের দেলের নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ‘অনুমতি এখনো পায়নি— পূর্ব নির্ধারিত গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আমরা সমাবেশ করতে চাই, আমরা আশা করি ও প্রত্যাশা করি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য সরকার আমাদের অনুমতি দেবেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সে কারণে আমরা বার বার আসছি। যদি আমাদের অনুমতি না দেয়া হয় তাহলে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা চেষ্টা অবশ্যই করবো।’
জয়নুল আবদিন আরো বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা না হলেও বিএনপির পক্ষ থেকে তারা আশা করছেন শেষ মুহূর্তে হলেও তারা সমাবেশ করার অনুমতি পাবেন।
এ সময় পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাত হয়নি।
প্রতিনিধি দলে আরো ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।
আগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমোদন বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ এবং মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
এখন ডিএমপির পক্ষ থেকে কোথায় সমাবেশ করার অনুমতি দেয়া হয় সেই অপেক্ষায় রয়েছে দলটি।
এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, বেশ কয়েকদিন ধরেই আইন-শৃঙ্খলা বাহিনী নয়াপল্টনকে অবরুদ্ধ করে রেখেছে।
৫ জানুয়ারির পরিকল্পিত সমাবেশ ভণ্ডুল করতে সরকার চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, যতোই চক্রান্ত করা হোক না কেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে গণতান্ত্রিক কর্মসূচি তারা পালন করবেনই।