সমাবেশের নামে ৫ জানুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি বিশেষ সরকার কায়েম করতে চাচ্ছে–এ অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর ১৪ দলের এক বর্ধিত সভা শেষে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, সভা-সমাবেশের নামে সহিংসতা করলে কোনো রকমের ছাড়া দেবে না আওয়ামী লীগ।
সমাবেশের নামে রাজপথে না নামতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, রাজপথে নেমে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজনীতি থেকে বিদায় নিতে হবে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, দয়া করে ৫ জানুয়ারি মাঠে নামার চেষ্টা করবেন না, সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না।
কোনো ধরনের সংঘাত হলে তার দায়ভার বিএনপির উপর বর্তাবে— প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে, কোনো নাশকতা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা পুত্র অনেক অন্যায় করেছে, ছেলের পক্ষ থেকে মা ক্ষমা চাইলে বাংলার জনগণ ক্ষমা করে দিতে পারেন। তাহলে তাদেরকে সভা সমাবেশও করতে দিতে পারেন আর না হলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবেন।
এদিকে, রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, সমাবেশকে সামনে রেখে বিএনপি যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কখনোই তা করতে দেবে না জনগণ। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশেষ সরকার কায়েম করতে চাচ্ছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর ১৬ পয়েন্টে অবস্থান নেয়ার কথা আবারো বলেন আওয়ামী লীগ নেতারা।