শুধু সারা বাংলাদেশ নয়—রাজধানীর প্রতিটি এলাকা থেকে অন্য এলাকাকে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত বছরের আন্দোলনে রাজধানীকে সারা বাংলাদেশ থেকে যেভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল, ঠিক সেভাবেই বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক স্থান থেকে অন্য স্থান বিচ্ছিন্ন করতে কী কী প্রয়োজন তা বিএনপির নেতা কর্মীরা জানেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘর থেকে বের হতে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ঘর থেকে যেন বের হতে না পারে, সেজন্য স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখতে হবে।
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, নেতাকর্মীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান এ সময় বলেন, শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজানোই এখন মূল লক্ষ্য।