নিজেকে অবরুদ্ধ আবারো দাবি—আর দলের ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, জনসমর্থন না থাকার কারণেই সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের মহোৎসবে মেতেছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সকল অধিকার হরণের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে।
বিবৃতিতে খালেদা জিয়া আরো বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে সরকার স্বাধীনভাবে মত প্রকাশের পথ রুদ্ধ করতে চায়।
এদিকে, গুলশান কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা শিথিল করার পাশাপাশি সরিয়ে নেয়া হয়েছে ইট ও বালুর ট্রাকের ব্যারিকেড।
গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার কার্যালয় থেকে বেরোনোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
তবে, কার্যালয়ের মূল ফটকটি মঙ্গলবারও তালাবদ্ধ দেখা গেছে। কোনো নেতা-কর্মী তার সঙ্গে দেখা করতে না আসলেও বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কার্যালয়ে প্রবেশ করেন।
বিশ্ব ইজতেমার সময় অবরোধ শিথিল করার অনুরোধ নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান একদল মুসল্লি। তবে তার সঙ্গে সাক্ষাৎ পাননি প্রতিনিধি দলের সদস্যরা।