উন্নয়ন বাধাগ্রস্ত করতে নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল তথাকথিত অবরোধ কর্মসূচি পালন করছে – এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
জনজীবনে বিএনপির কর্মসূচির কোনো প্রভাব পড়েনি বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
বিএনপি-জামাত দেশে যে নাশকতার চেষ্টা করছে—এ অভিযোগ করে হানিফ বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি এবং গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করার জন্য প্রায় এক মাস আগে কর্মসূচি ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিএনপি আমাদের কর্মসূচি ঘোষণার ১০ থেকে ১৫ দিন পর তারা তাদের পাল্টা কর্মসূচি দেয়, তাদের চলমান অবরোধ কর্মসূচির দায়ভার তাদেরই গ্রহণ করতে হবে।
গণমাধ্যমে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করায় আদালতকে ধন্যবাদ জানিয়ে হানিফ বলেন, বিএনপি নামক দলটি বর্তমানে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিএনপি নেতারা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তারেক রহমানের বক্তব্যকে তুলনা করায় বিএনপি যে সন্ত্রাসী সংগঠন সেটাই প্রমাণ হয়।
হানিফ বলেন, চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানষের জান-মালের ক্ষতি করা ছাড়া দেশে আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই।
তিনি বলেন, বিএনপির কর্মসূচি ঘোষণার পর তাদের ভারপ্রাপ্ত মহাসচিব আশ্রয় নেন জাতীয় প্রেসক্লাবে আর যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আশ্রয় নেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। তাই তাদের দিয়ে কোনো আন্দোলন হবে না।
হানিফ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও জাতি স্বাধীনতার প্রকৃত আনন্দ লাভ করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি। কেননা এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন।
তিনি বলেন, তাই এ দিনটি বাঙ্গালি জাতির কাছে একটি ঐতিহাসিক দিন এবং দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ।
হানিফ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলকে ১০ জানুয়ারি যথাযথ সম্মানের সঙ্গে পালনের জন্য আহ্বান জানান।
এদিকে, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে বিএনপির এ কর্মসূচি ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার শামিল— এ কথা উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেব নাথসহ অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।