রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে শনিবার যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী দগ্ধ হয়েছেন।
দগ্ধ যাত্রীর নাম অমূল্য বর্মণ, তার বাড়ি নারায়ণগঞ্জ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, সকাল সোয়া ৭টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অমূল্য পেশায় একজন রিকশাচালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকতা নজরুল ইসলাম বলেন, পেট্টল দিয়ে বাসটির পেছনের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে এক যাত্রী দগ্ধ হয়েছেন।
চিকিৎসক জানান, আগুনে অমূল্যর মুখ ও হাত ঝলসে গেছে। তার শরীরের ১২ ভাগ পুড়ে গেছে।
হাসপাতালে অমূল্য সাংবাদিকদের বলেন, ৮ নম্বরের একটি বাসে সকালে সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে বাসটি তেঁজগাও মহিলা কলেজের সামনে এলে মোটরসাইকেল আরোহী দুইজন পাশ থেকে পেট্রোল বোমা ছুড়ে মারে। হাত দিয়ে ঠেকালেও আগুন তার মুখে লাগে।
বিএনপি চেয়ারপারসন প্রধান খালেদা জিয়া গত সোমবার বিকেলে অবরোধের ডাক দেয়ার পর থেকেই রাজধানীতে বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে। আগের দিন শুক্রবারও রাজধানীতে দশটি যানবাহনে আগুন দেয়া হয়েছে; দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন জন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির পঞ্চম দিন চলছে। এ কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সহিংস ঘটনা ঘটছে। তবে সকাল থেকেই রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। নগরীতে সব রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করছে।
রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচলও। সকালে রাজধানীর সদরঘাট থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ আসছেও। ছেড়ে গেছে দূরপাল্লার বাসও।
অবরোধে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা।