বিএনপি চেয়ারপারসন খালেদা ও তার দুই ছেলের দুর্নীতির মামলা বন্ধ করার জন্য আজ পরিকল্পিতভাবে কোনো কারণ ছাড়াই অযৌক্তিভাবে অবরোধ দিয়ে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ওই স্থান ত্যাগের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় ২০ দলের চলমান অবরোধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন আওয়ামী লীগের এ নেতা।
হানিফ বলেন, ‘খালেদা জিয়া গুলশান কার্যালয়ে নিজ থাকছেন আর অবরুদ্ধের নাটক করে গোটা জাতিকে অবরুদ্ধ করার চেষ্টা করছেন।’
শ্রদ্ধা নিবেদন শেষে দলটির এ নেতা সাংবাদিকদের আরো বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বিজয়ের পূর্ণতা পেয়েছিল।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্যেষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সভানেত্রী হিসেবেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দলের জ্যেষ্ঠ নেতারা ও পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সর্বসাধারণের জন্য স্থানটি উম্মুক্ত করে দেয়া হলে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।