অন্তর্বর্তীকালীন নির্বাচন কখন হবে সেটা নির্ভর করছে সরকারের ওপর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সেমিনারে তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা নেই, এটি একটি দেশের সরকারের ওপর নির্ভর করে—এসব জানিয়েছেন ইমাম বলেন, সরকার চাইলে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারে।
তিনি আরো বলেন, ‘তত্ত্বাবধায়ক বা অর্ন্তবর্তীকালীন সরকার এগুলো করার কোনো প্রশ্নই নেই, আলোচনারও কোনো প্রশ্ন নেই। সরকারের যখন ইচ্ছা তখনই নির্বাচন দেবে। এর আগে বিএনপিকে অবশ্যই বলতে হবে যে, তারা সমস্ত রকম সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং সেটা তারা লিখিতভাবে দেবে। এছাড়াও তাদের পরিস্কার করে বলতে হবে যে, তাদের সঙ্গে যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলোর পর, যদি তারা ভালোভাবে বলে যে আপনাদের কাছে কিছু নিবেদন রয়েছে যে, ভবিষ্যৎতে কিভাবে নির্বাচন হবে? তারপর কথা হবে।’
নাশকতা সৃষ্টিকারী দলের সঙ্গে আলোচনায় যাবে না আওয়ামী লীগ বলেও জানান তিনি।
এইচটি ইমাম বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, এজন্য তারা নিজেদের চুল ছিঁড়েছে। এখন তাদের ভুলের আক্রোশ জনগণের ওপর চাপানো হচ্ছে।'
যারা বাংলাদেশে বিশ্বাস করেন তাদেরই এদেশে থাকার অধিকার আছে? এ প্রশ্নে রেখে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। কারণ বিরোধীপক্ষের পেছনে ছিল রাজাকার, পাকিস্তান, আইএসআই ও আন্তর্জাতিক চক্র।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশে বসবাস করে কিন্তু পাকিস্তানে বিশ্বাস করে। অবরোধের নামে আজও তারা বাসে-ট্রেনে আগুন দিয়েছে। মানুষ পুড়িয়ে হত্যা করে- কত অসভ্য, কত বর্বর যুগে এরা চলে গেছে! আদালত সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেছিল তাই চিন্তা করতে হবে আমরা বিএনপিকে অবৈধ ঘোষণা করব কিনা।
এ সময় এইচটি ইমাম অভিযোগ করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইংল্যান্ড বসে ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, ‘ইংল্যান্ড গভমেন্টের কাছে চাপ প্রয়োগ করে বলা প্রয়োজন যে, তারেক রহমানকে ইংল্যান্ড থেকে বের করে দেয়া হোক অথবা আমাদের কাছে হস্তান্তর করুক।’