বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ডাকা ২৪ ঘণ্টার হরতালের সময় ১২ ঘণ্টা কমিয়েছে বিএনপি। বুধবার এক বিবৃতিতে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিবৃতিতে রিজভী বলেন, গতরাতে (মঙ্গলবার) বিএনপি চেয়ারপারসননের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা এ হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বতঃস্ফুর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ করছি।
তবে পাশাপাশি বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানান রিজভী।
এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘণ্টা হরতাল ডেকেছিল বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে লতিফ বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টা হরতাল পালন করা হবে।