বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। একইসঙ্গে চলছে অনির্দিষ্টকারের অবরোধ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে রিয়াজের ওপর হামলার প্রতিবাদে দিনব্যাপী ডাকা হরতাল সফল হয়েছে দাবি করে আগের কর্মসূচি অবরোধ চালিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে রিজভী বলেন, ১২ ঘণ্টার হরতাল সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ চলার মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় ২০ দল।
রাজধানীতে সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি সব ধরনের গণপরিবহন চলাচল করেছে। অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাটও খোলে ছিল অন্যান্য দিনের মতো।
রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সারাদেশে ঢিলেঢালা হরতালে ঘটছে বিচ্ছিন্ন সহিংসতা। ভোরে গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি বাসে হরতাল সমর্থনকরা আগুন দিলে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ঘুমন্ত হেলপার।
খবর পেয়ে স্থানীয়রা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় নিহত হয় বাসটির হেলপার।
ভোলায় ৩টি যানবাহনে আগুন দেয় হরতাল সমর্থনকরা। শহরের কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন জায়গা থেকে ৯জনকে আটক করেছে পুলিশ।
নাটোরের বড়াইগ্রামে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্তকরা। এসময়, চালক ও হেলপারকে মারধর করে মোবাইল ও টাকাও লুট ছিনিয়েয় তারা। রাজশাহীতে দোকানপাট ও যারবাহন ভাচুর করে হরতালকারীরা।
খুলনায় হরতাল সমর্থকদের মিছিল থেকে যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বরিশাল, ময়মনসিংহ হরতালের সমর্থনে মিছিলে বাধা দেয় পুলিশ।
সিলেটে মিছিল থেকে পুলিশের ভ্যান লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। মৌলভীবাজারে রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় তারা। কুমিল্লা, চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সিলেট, নড়াইল, গাইবান্ধা, নাটোর, নরসিংদী ও দিনাজপুরে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে রিয়াজ রহমান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্বত্তরা হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল ডাকা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
পরে বুধবার দুপুরে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানান।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে।