বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার হাজিরা না দেয়ার জন্যই বিএনপি হরতাল দিয়েছে— যা মানুষ প্রত্যাখ্যান করেছেন—এ দাবি আওয়ামী লীগ নেতাদের।
বৃহস্পতিবার ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
রাজধানীতে হরতালবিরোধী বিভিন্ন কর্মসূচিতে নেতারা বলেন, বিদেশিদের দৃষ্টি আকর্ষণের জন্য রিয়াজ রহমানের ওপর হামলা বিএনপির কূটকৌশলের অংশ।
তারা আরো বলেন, বিএনপির কর্মসূচি প্রতিহত করবে জনগণ।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড সমাবেশ ও মানববন্ধন থেকে হরতালের প্রতিবাদ জানানো হয়।
নেতারা অভিযোগ করেন, চেয়ারপারসনের কূটনৈতিক উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা বিএনপির কূটকৌশলেরই অংশ। এসব সহিসংতার বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হবে বলেও জানান আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টির জন্য নাশকতা করছে বিএনপি।
সকাল থেকেই রাজধানীর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।