চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে শান্তি সমাবেশ করবে জাতীয় পার্টি (জাপা)। আজ বৃহস্পতিবার দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এই সহিংসতার প্রতিবাদে ১৭ জানুয়ারি শনিবার জাতীয় পার্টির উদ্যোগে রাজধানীতে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল তিনটায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এরশাদ এতে প্রধান অতিথি থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এরশাদ বলেন, দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকণ্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এ ধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। হিংসার রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে-এমনকি অবোধ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি বলেন, অবিলম্বে এই অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ জন্য দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আগামী শনিবার রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।