যারা নাশকতা চালিয়ে জানমালের ক্ষতি করে তারা মানবতার শত্রু— উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, নাশকতাকারীদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হবে না।
শুক্রবার ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে অবরোধ-হরতালে পিকেটারদের দেয়া আগুনে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাশকতাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কথাও বলেন তিনি।
এদিকে, রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনসম্পৃক্ততা নেই।
পৃথিবীর কোথাও নাশকতা, সন্ত্রাস, সহিসংতা গণতান্ত্রিক আচরণ নয় বলেও জানান তিনি।
অবিলম্বে এসব বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৪ দলের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।