জনগণ ও জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে –এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেয়া, সরকার তাতে ব্যর্থ হয়েছে এ জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতায় যাওয়া যায় মানুষের ভালোবাসা নিয়ে।
তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য কত লাশের প্রয়োজন আপনাদের? ভাগ্য পরিবর্তনের নাম করে পুড়িয়ে মারছেন, একি রাজনীতি?’ এরশাদ বলেন, ‘আমাদের স্লোগান শান্তির জন্য পরিবর্তন। তাই পরিবর্তন আনতেই হবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, দলের প্রেসিডিয়াম সদস্য সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা।