রাজধানীসহ সারাদেশে মঙ্গলবারও ঢিলেঢালাভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ অব্যাহত রয়েছে। অবরোধে স্বাভাবিক রয়েছে রাজধানীর যান চলাচল। তবে গাবতলী সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
খুলনা:
সকালে খুলনার পিটিআই মোড় থেকে মিছিল বের করে ২০ দলের নেতাকর্মীরা। অবরোধে নগরীর যান চলাচলে তেমন কোনো প্রভাব পড়েনি। সংখ্যায় কম হলেও বাসস্ট্যান্ডগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।
এদিকে, রাজশাহীতে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে তারা। হরতালের কারণে দোকান-পাট বন্ধ থাকলেও নগরীতে হালকা যানবাহন চলাচল করছে।
কুড়িগ্রাম:
পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামাতের ৭ নেতা-কর্মী আটক করেছে।
মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে জামাতের কুড়িগ্রাম শহর শাখার সেক্রেটারি শাখাওয়াত হোসেনসহ জামাত-শিবিরের ৬জন এবং বিএনপির ১ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. তবারক উল্লা জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা থেকে তাদের আটক করা হয়।
নোয়াখালীতে পুলিশের অভিযানে আটক ২৮
নোয়াখালী:
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপি-জামাতের ৭ নেতাকর্মী রয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, অবরোধ ও হরতালে নাশকতা ঠেকাতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে অবরোধ কর্মসূচি পালন করছে ২০ দলের নেতাকর্মীরা।
গতকাল বিএনপি চেয়ারপারসন আবারো অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।