যৌথ বাহিনী অভিযানের নামে নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন প্রতিবাদে অবরোধের মধ্যেই বুধবার ভোর ৬টা থেকে ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।
এদিকে, বুধবার রাজধানীর মহাখালী থেকে শতাধিক হাতবোমা, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রশিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে মহাখালীর টিবি গেইট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে ১৩০টি হাতবোমা, ১ কেজি গান পাউডার, ১০ কেজি পাথরের নুড়ি ও ৩ কেজি তারকাটা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন: শিবিরের বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদিন, আরিফুজ্জামান আরিফ, আতিয়ার রহমান ও খালিদ সাইফুল্লাহ।
তাদের মধ্যে একজন বোমা তৈরিতে দক্ষ এবং অবরোধে নাশকতার জন্য সেখানে বোমা তৈরি করা হচ্ছিল বলেও জানা গেছে।
এদিকে, ঢিলেঢালা হরতাল-অবরোধের তেমন প্রভাব না থাকলেও এই পেট্রোলবোমা আতঙ্কে রয়েছে মানুষ। কোনো রাজনৈতিক সংঘর্ষের বলি হতে চান না তারা; চান শান্তি-সমঝোতা। অব্যাহত আছে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে যৌথ অভিযান।
যৌথবাহিনীর অভিযানের নামে নেতাকর্মীদের হত্যা ও অত্যাচার-নির্যাতন চলছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে অভিযোগ করেন বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিবৃতিতেই অবরোধের পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগে হরতালের ঘোষণা দেন তিনি।
এদিকে, হরতাল অবরোধের কারণে সংখ্যায় কম হলেও রাজধানীতে রিকশা-অটোরিকশার পাশাপাশি বিভিন্ন যানবাহন চলাচল করছে। সদরঘাট থেকে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের প্রায় সব রুটের লঞ্চ। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়সূচি ঠিক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নেতাকর্মীশূন্য বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনেও রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়াও কুষ্টিয়া ও ঝিনাইদহেও আজ থেকে ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে ২০ দল।