বিএনপির দলীয় বৈশিষ্ট্য পাল্টে গেছে— উল্লেখ করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া এখন আর জাতীয়তাবাদী নেত্রী নন। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন এখন সন্ত্রাসীদের নেত্রী বলেও অভিযোগ করেন তিনি।
সুরঞ্জিত বলেন, গণতন্ত্র মানে মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র, সংবিধান সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপস হবে না।
সন্ত্রাসী আন্দোলনের জন্য মূল হুকুমকারী খালেদা জিয়া এতে কোনো সন্দেহ নাই— এমন মন্তব্য করে তিনি বলেন, বিশ্ব শেখ হাসিনার পাশে, খালেদা জিয়ার পাশে নেই।
আন্দোলনের নামে নাশকতা চালাচ্ছে বিএনপি। সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সুরঞ্জিত।
এদিকে, সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর এক আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই।
বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চাইছে--উল্লেখ করে কামরুল বলেন, রাজনীতির নামে যে সন্ত্রাস চলছে, তার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
মুক্তিযোদ্ধের বিরুদ্ধের শক্তি খালেদার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং দেশকে জঙ্গিবাদ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিএনপির বিবেকবান নেতাদের প্রতি কামরুল আহ্বান করেন, খালেদার নেতৃত্ব পরিত্যাগ করুন, সন্ত্রাসী নেতৃত্ব পরিত্যাগ করুন।
এছাড়া, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।