অধিকার আদায়ের নামে বিএনপির মানুষ পুড়িয়ে মারার রাজনীতির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জের কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ভয় দেখিয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবেন না বিএনপি নেত্রী। জ্বালাও-পোড়াওয়ের পথ থেকে সরে আসার ব্যাপারে তার সুমতি হোক।
তিনি আরো বলেন, যারা দেশের মানুষকে হত্যা করতে পারে তাদের রাজনীতি দেশের জনগণের কল্যাণের জন্য নয়।
বিএনপি দেশের মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি শুরু করেছে— উল্লেখ করে এমন ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসতে আবারো বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাটের জেলা প্রশাসক ও কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কোনো কারণ ছাড়াই দেশের উন্নয়নকে ব্যাহত করতে পেট্রোলবোমা হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার রাজনীতি শুরু করছে বিএনপি-জামাত।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর শেখ লুৎফর রহমান সেতুর উদ্বোধন, কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও টুঙ্গিপাড়া বিআরটিসি ইন্সটিটিউটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।