বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নেবেন ১৪ দলের নেতাকর্মীরা। সোমবার রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ আয়োজিত জনসভায় এ কথা জানান নেতারা।
অবরোধ-হরতালের নামে বিএনপি-জামাত জোটের সহিংসতার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
এ সময় মানুষ পোড়ানো বন্ধ না করলে খালেদা জিয়ার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে দেন নেতারা।
প্রধানমন্ত্রীর সামনে দরজা আটকিয়ে বিএনপি নেত্রী চিরতরে সংলাপের পথ বন্ধ করে দিয়েছেন- এ মন্তব্য করেছেন ১৪ দলের শরিক দলের নেতারা।
জনসভায় ১৪ দল নেতারা অভিযোগ করেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করে দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিএনপি।
এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাফ জানিয়ে দেন, নাশকতা করে ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারবে না বিএনপি।
তারা বলেন, হরতাল-অবরোধ না মানলেও বিএনপির নাশকতায় জনগণ আতঙ্কিত।
প্রধানমন্ত্রীকে ঢুকতে না দিয়ে যে অপমান করা হয়েছে তা গোটা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।