বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ রংপুর, গাজীপুর ও কুমিল্লায় হরতাল পালন করেছে ২০ দলীয় জোট।
ভোরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে একটি মালামাল বোঝাই ট্রাকে অবরোধকারীরা পেট্রোলবোমা ছুড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেল্পার দগ্ধ হন।
এছাড়া, নাশকতার আশঙ্কায় দিনাজপুর, নোয়াখালী, খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধের ২৩তম দিনেও প্রায় স্বাভাবিক রয়েছে রাজধানীর জীবনযাত্রা। অবরোধের কোনো প্রভাব নেই রাজধানীর জনজীবনে।
সকাল থেকে স্বাভাবিক দিনের মতোই রাজধানীর প্রায় সব সড়কেই রয়েছে যানবাহনের চাপ।
রাজধানীর সঙ্গে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও কমলাপুর থেকে বেশ কিছু ট্রেন বিলম্বে ছেড়ে গেছে। কম সংখ্যায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।