বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধের নামে যা করছেন তা রাজনীতি নয়, সন্ত্রাস করে দাবি আদায় করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয়ে কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ না করলে মানবতাবিরোধী অপরাধে খালেদা জিয়ার বিচার জনগণের আদালতে হবে। মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, আবারো পরাজিত হবেন তিনি।
শেখ হাসিনার গুলশান কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে তোফায়েল বলেন, মায়ের স্নেহ নিয়ে প্রধানমন্ত্রী শোক জানাতে গিয়ে ছিলেন। দেশের মানুষ বুঝতে পেরেছে, আপনি যে কতটুকু কি? সন্তান মারা গেল, তার পরও আপনি অবরোধ প্রত্যাহার করলেন না।
ধ্বংসাত্মক অবরোধ বন্ধ করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জ্বালাও-পোড়াও রাজনীতি বরদাশত করবে না দেশের মানুষ।
তিনি বলেন, আল্লাহকে ভয় করুন, অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন।
এর আগে সকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং ঢাকা ও এর পাশ্ববর্তী জেলাগুলোর সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করে ১৪ দল।
সভাশেষে মুখপাত্র মো. নাসিম নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।
এদিকে, বিএনপির অবরোধে সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার বাদ জুমা গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল।